‘বাচ্চু রাজাকারের’ রায় ঘোষণা চলছে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মামলায় রায় দেওয়া শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান সোমবার বেলা পৌনে ১১টায় ১১২ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।
এ মামলায় রায় ঘোষণার মধ্য দিয়েই একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচারের রায় আসা শুরু হচ্ছে।
আদালত শুরুর আগে বিচারপতি ওবায়দুল হাসান সবার সহযোগিতা চান। এরপর জনাকীর্ণ আদালত কক্ষে তিনি রায় পড়া শুরু করেন। এ ট্রাইব্যুনালের অপর দুই বিপারপতিও উপস্থিত রয়েছেন।
ট্রাইব্যুনাল-২ এ স্থান সংকুলান না হওয়ায় আদালত বসেছে ট্রাইব্যুনাল-১ এ।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছর ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।
এতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আযাদ ছাত্রসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ মার্চের কালরাতের পর তিনি সহযোগীদের নিয়ে ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ ঘটান।
গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এরপর ট্রাইব্যুনাল গত ৯ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলে।
আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দেয়।
এরপর ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আযাদের বিরুদ্ধে ৬ ধরনের ৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।
১৯৭১ সালের ২১ এপ্রিল তিনি ‘স্বাধীনতাবিরোধী শক্তিগুলোর সঙ্গে একত্র হয়ে’ ফরিদপুরে পাকিস্তানি সেনাদের ‘অভ্যর্থনা’ জানান। আযাদ স্থানীয় রাজাকার বাহিনীর দায়িত্বে ছিলেন এবং আলবদর বাহিনীরও প্রধান ছিলেন।
পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে আযাদ স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালান বলে অভিযোগ গঠনের আদেশে উল্লেখ করা হয়।
আযাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হলে তার পক্ষে শুনানি করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষ্য দেন। তবে আসামিপক্ষের আইনজীবী কোনো সাক্ষী হাজির করতে পারেননি। শুনানি শেষে গত ২৬ ডিসেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ের তারিখ থাকায় পুরাতন হাইকোর্ট ভবন এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের নাশকতা ঠেকানোর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”
