বাকৃবি ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় শিশু রাব্বি নিহত হওয়ার ঘটনায় রোববার ছাত্রলীগের দেড়শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
একইদিন বিকালে রাব্বিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া এ ঘটনায় দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রোববার রাব্বির বাবা দুলাল মিয়া বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–বাকৃবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এবং বহিষ্কৃত শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনের নাম উল্লেখ করা হয়েছে।
তদন্তের স্বার্থে বাকি ২৩ আসামির নাম জানাতে অপারগতা প্রকাশ করে কোতোয়ালি থানার ওসি ফজলুল করিম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আগে গ্রেপ্তার চারজনকে এ মামলায় আসামি দেখিয়ে রোববার কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
তদন্ত কমিটি গঠন
বাকৃবি’র উপাচার্য ড. রফিকুল হক বলেন, রোববার সকালে ডিন কাউন্সিলের জরুরি সভায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সার্বিক ঘটনা বিশ্লেষন করে সুপারিশ করবেন।
এছাড়া অধ্যাপক ড. এ টি এম জিয়াউদ্দিনের নেতৃত্ব তিন সদস্যের অপর কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।
দুটি কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, বলেন উপাচার্য।
রাব্বির দাফন সম্পন্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সকালে রাব্বীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আছরের নামাজের পর তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
এতে অংশ নেন সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমান, উপাচার্য রফিকুল হক, জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া এবং পুলিশ সুপার খন্দকার গোলাম কিবরিয়া।
উপাচার্য রাব্বির পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
এর আগে বেলা ১২টার দিকে বয়রা গ্রামে লাশ পৌঁছলে রাব্বীর মা, দাদী, ফুফু, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসী কান্নায় ভেঙ্গে পড়ে।
দোষীদের শাস্তি দাবি
শিশু রাব্বীকে শেষবারের মতো দেখতে আপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ বয়রা গ্রামে আসেন। এ সময় রাব্বীর খুনীদের বিচারের দাবি জানান তারা।
রাব্বীর শিক্ষা প্রতিষ্ঠান বয়রা ব্যাপারী পাড়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আব্দুল্লাহ বলেন, “এ হত্যাকাণ্ডের সুষ্টু বিচার চাই, যে গুলি করেছে তার ফাঁসি চাই।”
শনিবার বাকৃবি ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু ফজলে রাব্বি।
এরপর বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পাশাপাশি শামসুদ্দিন ও রফিকুজ্জামানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
