২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চম্পা হত্যা: ভিসেরা প্রতিবেদন আদালতে

ফরিদপুর সদরের স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পার ভিসেরা রিপোর্ট ও মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের শেখ।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. খবিরুল ইসলাম বলেন, ঢাকার মহাখালীর কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে চম্পার ভিসেরা পরীক্ষার পর তার রিপোর্ট বৃহস্পতিবার আমাদের কাছে এসেছে।

শনিবার বিকালে মেডিকেল বোর্ডের মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবুল খায়ের শেখের কাছে পাঠানো হয়।

তিনি আদালতে এ প্রতিবেদন জমা দেন বলে জানান খবিরুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা আবুল খায়ের শেখ বিষয়টি নিশ্চিত করলেও প্রতিবেদনে মৃত্যুর কারণ ও ধর্ষণের আলামত পাওয়া গেছে কিনা তা জানাননি।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রতিবেদনে কী আছে তা বলা যাবে না।

আদালতের জিআরও মিজানুর রহমান বলেন, রোববার সকালে আদালতে ভিসেরা ও মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তা জমা দিয়েছেন।

মামলার বাদী নিহতের ভাই হাসিবুল ইসলাম জানান, আইনজীবীর মাধ্যমে তিনি ভিসেরা পরীক্ষা ও মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার চেষ্টা করছেন। 

গত ১৪ ডিসেম্বর কাশিমাবাদ গ্রামের একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় চম্পার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওইদিনই নিহতের ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে ছয় জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. অঞ্জন কুমার দাস চম্পার লাশের ময়নাতদন্ত করে প্রতিবেদনে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে উল্লেখ করলে বাদী তাতে আপত্তি জানান।

গত ৩১ ডিসেম্বর ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তদন্ত কর্মকর্তা চম্পার লাশের ফের ময়নাতদন্তের আদেশে চেয়ে আবেদন করেন।

আদালত ৩ জানুয়ারি ফের ময়নাতদন্ত ও মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেয়। ৫ জানুয়ারি কবর থেকে চম্পার লাশ তোলা হয় এবং ৬ জানুয়ারি তিন সদস্যের মেডিকেল বোর্ড পুলিশের দ্বিতীয় দফা সুরতহাল রিপোর্টে অসঙ্গতি পাওয়ার কথা জানায়। এরপর মেডিকেল বোর্ড ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠায়।

গত ১৭ জানুয়ারি ভিসেরা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।