ইবি প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেয়ার পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইকবাল হোসাইন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি অনুযায়ী প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি দেয়ায় সোমবার থেকে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।
ইবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লোকমান হাকিমকে অব্যাহতি দিয়ে এক বছরের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে নতুন প্রক্টর ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে ছাত্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, দুপুরে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ৩ ঘন্টাব্যাপী বৈঠক শেষে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্যের ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগের ফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৫ মাসের অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
উপাচার্য অফিস সুত্রে জানা যায়, উপাচার্য প্রথমে জিয়া পরিষদ ও পরে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বলেন, উপাচার্যের সিদ্ধান্ত শেষে বিকালেই নিয়োগের বিষয়টি নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
নতুন প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন বলেও তিনি জানান।
আন্দোলনকারী শিক্ষক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কে এম সালেহ বলেন, “উপাচার্য মহোদয় আমাদের দাবি মেনে নিয়েছেন। তাকে আমরা আন্তরিক ধন্যবান জানাই। নতুন করে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগের ফলে আশাকরি শিক্ষকদের জন্য নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। এখন আমাদের ক্লাস পরীক্ষায় ফিরে যেতে আর কোনো বাধা নেই।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হোছাইন বলেন, “উপাচার্য অবশেষে যুগান্তকারী এ সিদ্ধান্ত নেওয়ায় তাকে বিশেষভাবে অভিনন্দন। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফিরে যাবেন শিক্ষকরা।”
উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, “শিক্ষকদের দাবি ও বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর স্বার্থ প্রাধান্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, শিক্ষকবৃন্দ এ সিদ্ধান্তকে মেনে নিয়ে ক্লাস পরীক্ষায় ফিরে যাবেন।”
এছাড়া দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হওয়ার কারনে শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষকরা অতিরিক্ত ক্লাস পরীক্ষা নিয়ে এ ক্ষতি পুষিয়ে দিবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষকদের আন্দোলনের মুখে গত ২৭ ডিসেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. এম আলাউদ্দিন ও এর পর ১ জানুয়ারি উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনকে অব্যাহতি দেয় সরকার।
নতুন উপাচার্য হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিউটের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে নিয়োগ দেয়া হয়।
নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার পরও আন্দোলনকারী শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকে।
এ অবস্থা চলাকালে গত ১২ জানুয়ারি আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালায় ছাত্রলীগ সমর্থকরা।
গত ৭ ও ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২১৭তম সিন্ডিকেটে কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ৯ সেপ্টেম্বর থেকে প্রায় ৫ মাস ইসলামী বিশ্ববিদ্যালয় অচল ছিল।
