দূরপাল্লার বাসভাড়া বাড়ল ৭.৪%
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে এক টাকা ৪৫ পয়সা, যা ৭ দশমিক ৪ শতাংশ বেশি।
রোববার যোগাযাগ মন্ত্রণালয়ে ‘ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কস্টিং কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, নতুন এই ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হবে।
ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী গণপরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানান মন্ত্রী।
কাদের বলেন, “গত মঙ্গলবারের বৈঠকে কস্টিং কমিটিকে পর্যালোচনার কথা বললেও তারা ২৩ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। তবে যেহেতু দায়িত্ব আমার ওপর পড়েছে, তাই সবার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।”
গত ৩ জানুয়ারি সরকার পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।
তেলের দাম বৃদ্ধির পর তাৎক্ষণিকভাবে পণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ না হলেও রাজধানীতে বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এরপর দূরপাল্লার বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে মন্ত্রণালয়।
গত মঙ্গলবারের বৈঠকে কোনো মতৈক্য না হওয়ায় রোববার সিদ্ধান্ত ঘোষণার জন্য দিন রাখা হয়।
রোববার ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘‘যাত্রী সাধারণের ওপর অতিরিক্ত আর্থিক চাপের কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাত্রীরাও সহ্য করতে পারবে এবং পরিবহন মালিক পক্ষেরও সমস্যা হবে না- এমন চিন্তা করেই এ সিদ্ধান্ত।
অবশ্য ভাড়া বাড়ানোর কারণে সমালোচনার ঝুঁকির কথাও মাথায় রয়েছে বলে মন্ত্রী জানান।
ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের আগেই অনেক পরিবহনে ভাড়া বাড়িয়ে দেয়ার বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, “আশা করি আগামী মঙ্গলবার সকাল থেকে নতুন নির্ধারিত হারেই ভাড়া আদায় করা হবে।”
বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ খান বলেন, “ভাড়া মাত্র ১০ পয়সা বাড়ানো হলে এই খাত ক্ষতিগ্রস্থ হবে। তারপরও এ সিদ্ধান্ত মেনে নিলাম।”
শ্যামলী পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বৈঠকে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির আবেদন করেন বলে জানান।
অন্যদের মধ্যে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান, কস্টিং কমিটি ও বিআরটিএর চেয়ারম্যান আইয়ূবুর রহমান খান এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়িয়ে ১ টাকা ৩৫ পয়সা করা হয়।
আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।
সে সময় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা বাড়িয়ে এক টাকা ৬০ পয়সা ও এক টাকা ৫০ পয়সা নির্ধারণ করা। আর বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় সাত টাকা, মিনিবাসে পাঁচ টাকা।
একই সময়ে সিএনজিচালিত অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের পর থেকে কিলোমিটার প্রতি ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে সাত টাকা ৬৪ পয়সা করা হয়। আর বিরতিকালের ভাড়া বাড়িয়ে করা হয় প্রতি মিনিটে এক টাকা ৪০ পয়সা।
