বরিশালে পুলিশকে পিটুনি, ২ আ. লীগ নেতা গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুলিশকে মারধরের অভিযোগে রোববার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন ভাসানচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব পালোয়ান ও ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সমীর পলোয়ান।
ভাসানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বিদ্যানন্দনপুর বড় ব্রিজের পাশে বাজারে একটি জমি নিয়ে বাজার কমিটির সঙ্গে জনৈক ইউসুফ হাওলাদারের বিরোধ চলছিল।
রোববার সকালে বাজার কমিটির লোকজন ওই জমিতে ঘর তুলগে গেরে ইউসুফ হাওলাদার পুলিশকে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেয়ে কাজীরহাট তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেলসহ ৫জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কমিটির লোকজনকে ঘর তুলতে নিষেধ করলে বাক-বিতণ্ডা শুরু হয়।
তিনি বলেন, এক পর্যায়ে স্থানীয় শাহ আলমসহ, সুজন, আলম মীর, সোহরাব পালোয়ানসহ ৫০/৬০ জন পুলিশদের লাঠি দিয়ে পেটায়। তারা এএসআই রাসেলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং তাদের ঘন্টাখানেক একটি কক্ষে আটকে রাখে।
পরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এসআই ফারুক আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে জানান স্থানীয়রা।
