আখেরি মোনাজাতে হাত তুললো লাখো মানুষ
রোগ ও পাপ থেকে মুক্তি এবং বিশ্বের কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে তুরাগ তীরে আয়োজিত তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
রোববার বেলা ১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই সম্মিলন।
১৮ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. জোবায়রুল হাসান। এর আগে হয় হেদায়াতি বয়ান।
আখেরি মুনাজাত উপলক্ষে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে মানুষের ঢল নামে। টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটর গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে মোনাজাতে অংশ নিতে মুসুল্লিরা পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান।
সকাল সাড়ে ৯ টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন মুসল্লিরা।
ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ পুরানো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মানুষ সড়কে বসে পড়েন। এছাড়া আশেপাশের ভবনের ছাদে বসেও মোনাজাতে শামিল হন অনেকে।
আখেরি মোনাজাত উপলক্ষে রোববার এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়।
এর আগে গত ১১ থেকে ১৩ জানুয়ারি তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় সম্পন্ন হয়।
