পেপার স্প্রের ব্যবহার নিষিদ্ধের আবেদন
পুলিশের পেপার স্প্রে ব্যবহার বন্ধে আদালতের নিদের্শনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ এই আবেদন করার পর রোববার তা আদালতে উপস্থাপন করা হয়।
মানব দেহে পেপার স্প্রেসহ অন্যান্য কেমিকেল স্প্রে বা অস্ত্রের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছেন ইউনুস আলী।
একইসঙ্গে এই স্প্রের ব্যবহার কেন বন্ধের আদেশ দেয়া হবে না, সে বিষয়েও রুল চেয়েছেন তিনি।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্ক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে।
এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেপার স্প্রের ব্যবহার বন্ধ রাখতে অন্তবর্তীকালীন আদেশ এবং ওই স্প্রে প্রয়োগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিট আবেদনকারী।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক এবং বামপন্থী দলগুলোর হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশ ব্যাপক হারে এই ঝাঁঝালো গ্যাস ব্যবহারের পর পেপার স্প্রে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই স্প্রে ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বিএনপির পক্ষ থেকেও এজন্য মন্ত্রীর বিচার চাওয়া হয়েছে।
পেপার স্প্রে বিভিন্ন দেশে ওসি স্প্রে (ওলেওরেসিন ক্যাপসিকাম), ওসি গ্যাস ও ক্যাপসিকাম স্প্রে নামেও পরিচিত। এর মধ্যে এমন রাসায়নিক উপাদান রয়েছে, যা চোখে জ্বালাপোড়ার সৃষ্টি করে। এই গ্যাসের সংস্পর্শে আসামাত্র চোখে প্রদাহ সৃষ্টি হয়।
এই স্প্রের প্রভাবে আহত এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে শিক্ষক নেতারা অভিযোগ করেছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলে আসছেন, এই স্প্রের কারণে মৃত্যু হয় না।
গত শুক্রবার চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ সমাবেশ দমন করার জন্যে, ভাংচুর ও নৈরাজ্য বন্ধ করার জন্যে পেপার স্প্রে ব্যবহার করা হয়।
তিনি বলেন, “অবৈধ সমাবেশ দমন করার জন্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়, তার মধ্যে এটা একটা। কাজেই এটা নিয়ে ভিন্ন মত দেয়ার অধিকার কারো নাই।”
আর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ শনিবার বলেন, ‘লাঠিপেটার সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসার জন্যই এই তরল গ্যাস ব্যবহার হচ্ছে।
তিনি বলেন, “আমাদের কোন কনস্টেবল লাঠি নিয়ে তেড়ে আসছে, আর এটা পরের দির পত্রিকায় প্রকাশিত হয়েছে, তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই।”
নর্থ ক্যারোলাইনা মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওসি স্প্রে বা পেপার স্প্রেতে পানি, অ্যালকোহল, কার্বনডাইঅক্সাইড, হ্যালোজেনেটেড হাইড্রোকার্বন (ফ্রেয়ন, টেট্রাক্লোরোথাইলিন, মিথাইলিন ক্লোরাইড) রাসায়ানিকও ব্যবহার করা হয়।
এসব রাসায়নিকের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের ব্যাঘাত ঘটিয়ে আকস্মিক মৃত্যুও ঘটাতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
অবশ্য পুলিশ কমিশনারের দাবি, যে মাত্রায় ক্ষতিকর একে বলা হচ্ছে, এটি সে রকম নয়। সর্ব্বোচ ৪০ মিনিট এর ক্রিয়া থাকে।
এর আগে গত বৃহস্পতিবার পেপার স্প্রে বন্ধ করতে সরকারকে লিগ্যাল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
ওইদিন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘অমানবিকভাবে বিষাক্ত ও ক্ষতিকারক’ পেপার স্প্রের ব্যবহার বন্ধ করতে সরকারকে অনুরোধ করা হয়েছে। তা উপেক্ষা করলে জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন করা হবে।
