২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া গমনেচ্ছু ২,৯৮৩ জন নির্বাচিত

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্য থেকে শনিবার অনলাইনে লটারির মাধ্যমে পাঁচ জেলায় দুই হাজার ৯৮৩ জনকে বাছাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

Image
.

.

এর মধ্যে বগুড়ায় ৮৮৪, কুড়িগ্রামে ৫৪৫, লালমনিরহাটে ৩২৬, নওগাঁয় ৬৭১ এবং রাজশাহীতে ৫৫৭ জন।

এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া: বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনলাইনে লটারিতে জেলার ৮৮৪ জনের নাম উঠেছে।

বগুড়ায় গত ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে মালয়েশিয়া গমনেচ্ছু মোট ৩১ হাজার ৪২২ জন নিবন্ধন করেন।

কুড়িগ্রাম: শনিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি হয়।

জেলার ৭২টি ইউনিয়নের ৩৬ হাজার ৭৯ জন বেকার যুবক নিবন্ধন করে।এর মধ্য থেকে লটারিতে ৫শ’ ৪৫ জনকে বছাই করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল হক আনছারী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম আবু হোরায়রা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলুসহ ইউপি পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বাছাইকৃতদের রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চুড়ান্ত বাছাই সম্পন্ন করে ১০ দিনের প্রশিক্ষণ শেষে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

লালমনিরহাট: জেলা প্রশাসন সূত্র জানায়, লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত লটারিতে জেলার ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নের মোট ১৬ হাজার ৮০৪ জন নিবন্ধনকারীর মধ্যে থেকে ৩২৬ জনকে বাছাই করা হয়েছে।

এসময় লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা, জন প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, প্রায় ১৭ হাজার নিবন্ধনকারীর মধ্য থেকে ৩২৬ জনকে বাছাই করা হয়েছে।

নওগাঁ: নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়।

নওগাঁ জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন থেকে মোট ৩১ হাজার ৭৫৫ জন প্রার্থী নিবন্ধন করেন।এর মধ্য থেকে লটারিতে ৬৭১ জনকে বাছাই করা হয়।

বিকাল ৪টায় লটারীর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: এনামূল হক।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁর পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, উপজেলাসমূহের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

রাজশাহী: শনিবার বিকাল ৫টায় রাজশাহী জেলার নিবন্ধনকারীদের লটারি হয়।এতে ৫৫৭ জনকে বাছাই করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য কেন্দ্র (সার্ভার) থেকে সহকারি প্রোগ্রামার এনামুল হক জানান, রাজশাহী জেলায় মোট ২৭ হাজার ১৮৬ জন নিবন্ধন করেন।

নিবন্ধনকারীদের মধ্যে পবা উপজেলায় ৩ হাজার ১৩৪ জনের মধ্যে ৮১ জন, মোহনপুরে ২ হাজার ৩৭০ জনের মধ্যে ৪৩ জন, বাঘায় ২ হাজার ১০৪ জনের মধ্যে ৪৭, চারঘাটে ২ হাজার ৪৪৩ জনের মধ্যে ৫৫ জন, তানোরে ২ হাজার ৪১৯ জনের মধ্যে ৪৯, দুর্গাপুরে ২ হাজার ৫৫০ জনের মধ্যে ৪৯ জন, গোদাগাড়ীতে ৬ হাজার ১৮৫ জনের মধ্যে ৯২ জন, পুঠিয়ায় ২ হাজার ২৮৮ জনের মধ্যে ৫৫ এবং বাগমারায় নিবন্ধিত ৩ হাজার ৬৯৩ জনের মধ্যে ৯২ জন নির্বাচিত হন।

পাঁচ বছর বন্ধ থাকার পর মালয়শিয়ায় কর্মী পাঠাতে গত ২২ অক্টোবর দুই দেশের সরকারের চুক্তি হয়। এবার শুধু সরকারি পর্যায়েই কর্মী নেয়া হচ্ছে। এজন্য আগে নিবন্ধন করতে হচ্ছে।

ইউনিয়ন কোটাভিত্তিক লটারির মাধ্যমে সারা দেশ থেকে ৩৪ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে।

নির্বাচিতদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে ৪০ হাজার টাকায় মালয়শিয়া পাঠানো হবে।

তবে প্রথম ধাপে মালয়শিয়ার চাহিদা অনুযায়ী ১০ হাজার শ্রমিক পাঠানো হবে। পরে ধাপে ধাপে অন্যদের পাঠানো হবে।

ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মালয়শিয়ায় প্রথম ফ্লাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।