খুলনা নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে মানববন্ধন
খুলনা নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে শনিবার মানববন্ধন করেছে নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটি।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তারা বলেন, আর কোনো প্রতিশ্রুতি নয়, নিউজপ্রিন্ট মিল চালুই এখন খুলনাবাসীর মূল দাবি।
বিভিন্ন সময় মিলটি চালুর ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি বলেও বক্তারা অভিযোগ করেন।
নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটির আহবায়ক আজাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব মো. নিজামউর রহমান লালু, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন লিয়াকত আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোশাররফ হোসেন প্রমুখ।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে লোকসানের কথা বলে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটি বন্ধ করে দেয়া হয়।
