২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেভরনের পণ্যবাহী জাহাজ কীভাবে বন্দরে, তদন্তে কমিটি

পণ্য খালাসে নৌ-বাহিনীর অনুমতি ছাড়া শেভরনের পণ্যভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 09:00 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলমকে তদন্ত কমিটির প্রধান  করা হয়েছে বলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওই প্রতিষ্ঠানের পণ্যবাহী লাইটারেজ জাহাজটি এখন বন্দরের ১৫ নম্বর ঘাটে নজরদারিতে রেখেছে কোস্টগার্ড।

সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পণ্য খালাসে নৌ-বাহিনীর অনুমতি ছাড়া নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কীভাবে জাহাজটি বন্দরে আনা হল, তা তদন্ত করতেই কমিটি গঠন করা হয়েছে।”

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মো. মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে আসার পর আমদানি চালানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক পণ্য আছে কি না এবং অনুমোদন বহির্ভূত কোনো পণ্য আছে কি না, তা নৌবাহিনীর উপস্থিতিতে পরীক্ষা করা হয়।

“কিন্তু শেভরন কোম্পানির এসব পণ্য বন্দরের বর্হিনোঙরে লাইটারেজে খালাসের সময় নৌবাহিনীর উপস্থিতি ছিল না এবং তাদের অনুমতিও নেয়া হয়নি।তাই লাইটারেজ জাহাজটি কোস্টগার্ডের নজরদারিতে রাখা হয়েছে।”

তবে এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তরের সনদপত্র, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সব ধরনের অনুমতি নিতে হয় বলে জানান তিনি।

কাস্টমস কমিশনার বলেন, শনিবার সকালে নৌ-বাহিনীর কাছ থেকে অনুমতি পাওয়া যাবে বলে তিনি শুনেছেন।

ওই পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের নাম ঢাকার হোমবাউন্ড লিমিটেড।

কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পণ্যভর্তি লাইটারেজ জাহাজ আগন্তুক-৩ বর্তমানে আমাদের নজরদারিতে ৫ নম্বর ঘাটে নোঙর করা আছে।”

লাইটারেজ জাহাটি বহির্নোঙরে এমভি নোয়া সাটু নামে একটি বড় বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করে আসছিল বলে জানান তিনি।

নজরদারিতে থাকা লাইটারেজটিতে দুই হাজার ৩০০ কার্টন বিপজ্জনক পণ্য (সিসমিক পাওয়ার জেল ও তার এক্সেসরিজ) রয়েছে, যা খনিজ দ্রব্য অনুসন্ধানের কাজে ব্যবহার করা হয়।