রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির শতবর্ষ পূর্তি উদযাপন
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শিলাইদহে শুরু হয়ছে, যেখানকার কুঠিবাড়িতে বসে তিনি গীতাঞ্জলিসহ বিভিন্ন কাব্যগ্রন্থ রচনা করেন।
কুষ্টিয়ার শিলাইদহে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কবি, সাহিত্যিক, গবেষক, নাট্যকার এবং সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা ছাড়াও বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা অংশ নেন।
‘গীতাঞ্জলি ১০০’ শীর্ষক এ অনুষ্ঠান ঘিরে কুঠিবাড়িতে শুরু হয়েছে উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টার দিকে খোলা প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবি বেলাল চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কথা সাহিত্যক হাসান আজিজুল হক, পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, অধ্যাপক সনৎ কুমার সাহা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবি হাবিবুল্লাহ সিরাজী, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকার অর্থেই বিশ্বকবি ছিলেন। তিনি বলেছেন, দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে…। সেটাই এখানে হচ্ছে।
“এই বাক্য আমাদের জন্য আরো প্রাসঙ্গিক কারণ হলো, আমরা একটা যৌগিক জাতি। এখানে দেবে-নেবে, মিলবে-মিলাবের বিকল্প নেই।”
কথা সাহিত্যক হাসান আজিজুল হক বলেন, “রবীন্দ্রনাথ একটা আকাশ। এর কোনো দিক নেই। যেখানে ইচ্ছে ওড়া যায়।”
শুভাপ্রসন্ন বলেন, “রবীন্দ্রনাথের নোবেলপ্রাপ্তি আমার কাছে কোনও ঘটনা নয়। কারণ নোবেলপ্রাপ্তির চেয়েও বড় মাপের মানুষ ছিলেন রবীন্দ্রনাথ।
“বরীন্দ্রনাথকে নিয়ে আমরা ব্যবসা করেছি, রাজনীতিও করেছি। কিন্তু বরীন্দ্রনাথকে কতটা কাছে পেয়েছি, তার কাছ থেকে কতটা উজ্জীবিত হতে পেরেছি, আমরা কতটা মানুষ হয়েছি, কতটা অসাম্প্রদায়িক হয়েছি সে প্রশ্ন থাকছেই।”
তবে অনুষ্ঠানের শুরুতে আলোচনায় অংশ নিয়েই শিলাইদহ আসার সড়কপথের ‘জীর্ণদশা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসান আজিজুল হক।
“পিচ দেওয়া রাস্তার অবস্থা হয়েছে শরীরের জায়গা জায়গা থেকে লোম উঠে যাওয়া কুকুরের মতো। আর আগে যে রাস্তাটা দিয়ে ঘোড়াগাড়িতে আসতাম, সে রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে।”
হাসানুল হক ইনু বলেন, এখন সবচেয়ে বড় দাবি, এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করা হোক।
তিনি স্থানীয় সাংসদের উদ্ধৃতি দিয়ে জানান, শিলাইদহ কুঠিবাড়িরর সংযোগ সড়ক উন্নয়ন কাজের দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগ হয়েছে। চলতি শুষ্ক মৌসুমেই কাজ শেষ হবে।
দুই ঘন্টার আলোচনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কুঠিবাড়িতে পিঠার উৎসব ও বইয়ের মেলাও বসেছে। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ঢাকার বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পান কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
‘গীতাঞ্জলি ১০০’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের অতন্দ্র একাত্তর ও বাংলা একাডেমী এবং ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ।
