২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে নিহতদের লাশ আসবে ২২ জানুয়ারি

বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশির লাশ ২২ জানুয়ারি দেশে আসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

শুক্রবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ২২ জানুয়ারি সব লাশ একসঙ্গে দেশে আনা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অনুরোধে এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিহতদের লাশ পরিবহণের কথা নিশ্চিত করেছে।

লাশগুলো দেশে আনতে সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে।

গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৩ বাংলাদেশি কর্মী নিহত হয়।

ওই অগ্নিকাণ্ডে আরো দুই বাংলাদেশি আহত এবং ৬৩ জন বাংলাদেশি শ্রমিকের জিনিসপত্র পুড়ে যায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিহত ১৩ জনের মধ্যে চাঁদপুরের মতলব উপজেলার ধনপতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহীন খান এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় বানিশা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে মফিজুল ইসলামের লাশ সর্বশেষ সনাক্ত করা হয়।

Image
এই ভবনে আগুন লেগে নিহত হন ১৩ বাংলাদেশি

এই ভবনে আগুন লেগে নিহত হন ১৩ বাংলাদেশি

এ ছাড়া নিহত অন্যরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের নাছির মিয়ার ছেলে জসিম, কাইতলা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন ও সাইফুল ইসলাম ওরফে সবুজ, গৌরিগ্রামের আবুল বাশারের ছেলে আনোয়ার, চানমিয়ার ছেলে জরু মিয়া।

চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিপুর এলাকার সগির আহমেদের ছেলে নাজির আহমেদ, পটিয়া উপজেলার বাতুয়া গ্রামের হাজি রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই উপজেলার মারিপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে জামাল।

চাঁদপুরের কচুয়া উপজেলার নওয়াপাড়ার আলমের ছেলে টিটো মিয়া ও শাহাদাত এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ওসমান গনি।

গত বছরের ২৭ মে বাহরাইনের রাজধানী মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়।

এর আগে ২০০৬ সালে গুদাইবিয়ায় এক অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহত হয়েছিল।

বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।

বাহরাইন থেকে ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।