পয়রা নদীর লেবুখালী ফেরি চলাচল বন্ধ
পণ্যবাহী ট্রাক আটকে বরিশাল-পটুয়াখালী সড়কে লেবুখালী ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
এ কারণে শুক্রবার ভোররাত থেকে পটুয়াখালীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কয়েকশ’ বাস, পণ্যবাহী ট্রাক, মিনিবাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন পায়রা নদীর দু’পাশে আটকা পড়েছে।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার বলেন, ভোরে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক ফেরিতে ওঠার সময় ফেরির গ্যাংওয়ের বেইলি ব্রিজ ছিঁড়ে যায়। এতে ট্রাকটি ফেরিতে আটকা পড়ে।
গ্যাংওয়ে মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা কাজ করছেন।
রাত ১০টা নাগাদ পুনরায় ফেরি চলাচল শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
