ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
চারদিন বিরতি দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা।
রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মিলন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার সকাল থেকেই দেশ-বিদেশের মুসুল্লিরা তুরাগ তীরে আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাত পর্যন্ত মুসুল্লিদের আগমন অব্যাহত থাকবে।
এর আগে ১১ থেকে ১৩ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা হয়।
ইজতেমায় মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে। মুসুল্লিদের কথা বিবেচনা করে ২০১০ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে সম্পন্ন হচ্ছে।
ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখো। ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন।
৩৮ খিত্তায় ৩৩ জেলা
দ্বিতীয় দফায় বিভিন্ন জেলার মুসুল্লিদের থাকার জন্য ময়দানকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে।
এর মধ্যে ১-২ নম্বর খিত্তায় নারায়ণগঞ্জ, ৩-৪ নম্বর খিত্তায়ঢাকা জেলা, ৫ নম্বর খিত্তায় কক্সবাজার, ৬ নম্বর খিত্তায় মানিকগঞ্জ, ৭ নম্বর খিত্তায় পিরোজপুর, ৮ নম্বর খিত্তায় পটুয়াখালী, ৯ নম্বর খিত্তায় টাঙ্গাইল, ১০ নম্বর খিত্তায় জামালপুর, ১১ নম্বর খিত্তায় বরিশাল, ১২ নম্বর খিত্তায় নেত্রকোনা, ১৩ নম্বর খিত্তায় কুমিল্লা, ১৪ নম্বর খিত্তায় মেহেরপুর, ১৫ নম্বর খিত্তায় ঝিনাইদহ, ১৬-১৭-১৮ নম্বর খিত্তায় ময়মনসিংহ, ১৯ নম্বর খিত্তায় লক্ষীপুর, ২০ নম্বর খিত্তায় ব্রাহ্মণবাড়িয়া, ২১ নম্বর খিত্তায় কুড়িগ্রাম, ২২ নম্বর খিত্তায় নোয়াখালী, ২৩ নম্বর খিত্তায় নীলফামারী, ২৪ নম্বর খিত্তায় ঠাকুরগাঁও, ২৫ নম্বর খিত্তায় পঞ্চগড়, ২৬ নম্বর খিত্তায় চাঁপাইনবাবগঞ্জ, ২৭ নম্বর খিত্তায় বগুড়া, ২৮ নম্বর খিত্তায় পাবনা, ২৯ নম্বর খিত্তায় নওগাঁ, ৩০-৩১ নম্বর খিত্তায় মুন্সীগঞ্জ, ৩২ নম্বর খিত্তায় মাদরীপুর, ৩৩ নম্বর খিত্তায় গোপালগঞ্জ, ৩৪ নম্বর খিত্তায় সাতক্ষীরা, ৩৫ নম্বর খিত্তায় মাগুড়া, ৩৬ নম্বর খিত্তায় খুলনা, ৩৭ নম্বর খিত্তায় সুনামগঞ্জ ও ৩৮ নম্বর খিত্তায় মৌলভীবাজারের মুসুল্লিরা এসে অবস্থান নিচ্ছেন।
জোরালো নিরাপত্তা
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে। বাইনোকুলার ও মেটাল ডিটেক্টর নিয়ে টহল চলছে। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ইজতেমা এলাকার বিভিন্ন স্থানে ৯টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাঠে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মো. মঈন উদ্দিনসহ ইজতেমার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুল আলম জানান, দ্বিতীয় দফায়ও র্যাব সদস্যরা ৪টি সেক্টরে ভাগ হয়ে ইজতেমার ময়দান ও আশপাশে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানে থাকছে বেশ কিছু সিসিটিভি, নয়টি ওয়াচ টাওয়ার, নৌ-টহল, চেকপোস্ট ও বোমা নিষ্ক্রিয়করণ টিম।
গাড়ি পার্কিং
১৮ থেকে ২০ জানুয়ারি ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাচপুর/যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করবে।
ইজতেমায় আসা মুসল্লি, উত্তরাবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনের চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
ঢাকা মহানগরের যে সব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমায় যাবেন তাদের শাহজালাল বিমানবন্দর গোলচত্বর আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীসেতু দিয়ে না গিয়ে তুরাগ নদীর ওপর নির্মিত ভাসমান সেতু অথবা কামারপাড়া সেতু ব্যবহার করতে হবে।
বিভিন্ন এলাকার যানবাহনের জন্য পৃথক স্থান পার্কিং এর জন্য নির্দিষ্ট করা হয়েছে।
ঢাকা মহানগরীর গাড়ির জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার খালি জায়গা, উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক কলেজের আশেপাশের খালি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
সিলেট বিভাগের গাড়ি উত্তরা ১২ নম্বর সেক্টর, বরিশাল বিভাগ ধউড় সেতু ক্রসিং সংলগ্ন এলাকা, ঢাকা বিভাগ সোনারগাঁও সড়ক ও জনপথ সড়কের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, খুলনা বিভাগ উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টর সড়কের দুপাশে, রাজশাহী ও রংপুর বিভাগ হাউজিং মাঠ, চট্টগ্রাম বিভাগ উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম ও গরীবে নেওয়াজ রোডের দুপাশে এবং বরিশাল ও খুলনা বিভাগ উত্তরা ১৮ নম্বর সেক্টরের খালি জায়গায়, রাজশাহী বিভাগের গাড়ি কামারপাড়া হাউজিং মাঠ ও ১০ নম্বর সেক্টরের খালি জায়গায় পার্কিং করবে।
