জামায়াত নেতা গ্রেপ্তারের পর কক্সবাজারে হরতাল আহ্বান
কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ও উখিয়া উপজেলা চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের একটি দল উখিয়ায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে রোববার কক্সবাজার জেলায় হরতাল ডেকেছে জামায়াত।
জেলার পুলিশ সুপার মো. আজাদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল চৌধুরী ৩০ সেপ্টেম্বর উখিয়ায় বৌদ্ধ বিহার ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
“দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ওই মামলায় তিনি হাই কোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসেন।কিন্তু একই ঘটনায় আরো ছয়টি মামলা রয়েছে।ওই সব মামলায় সন্দেহজনক ব্যক্তি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনা মামলায় তাকে (শাহজালাল) পুলিশ আটক করেছে।এর প্রতিবাদে রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে।
শাহজালালকে গ্রেপ্তারের পর উখিয়ায় সড়ক অবরোধ করে জামায়াত ও শিবির নেতাকর্মীরা।
তারা কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের হটিয়ে দেয়।
