পাবনায় অস্ত্রসহ ‘ডাকাত সরদার’ গ্রেপ্তার
পাবনায় অস্ত্র ও গুলিসহ এক ‘ডাকাত সরদারকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাত সোয়া ১০টার দিকে ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শুকুর আলী মোল্লা (৫০) সুজানগর উপজেলার হোদাইরপুর গ্রামের আব্দুল আজিজ মোল্লার ছেলে।
তার বিরুদ্ধে দুইটি হত্যা ও ছয়টি ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা পুলিশের পাবনার সহকারী পরিদর্শক (এএসআই) ইয়াসিন আরাফাত জানান, ঈশ্বরদী বাস টার্মিনাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি রিভলবার, একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
শুকুর মোল্লাকে রাতেই সুজানগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
