২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি গিয়াস আবার

এবার সচিবালয়ের দুই কর্মচারীকে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ এসেছে ময়মনসিংহের সরকারদলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন আহমেদের বিরুদ্ধে, যিনি আট মাস আগে নিজের নির্বাচনী এলাকায় প্রকাশ্যে পিস্তল বের করে গুলি ছুড়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য। সেখানে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ইউসুফ আলী এবং ডাটা এন্ট্রি অপারেটর মাইনুদ্দিন ভূইয়াকে হুমকি দেন তিনি।

ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ সদস্য গিয়াস উদ্দিন তার ব্যক্তিগত কর্মকর্তা ও অন্য একজনকে সঙ্গে নিয়ে দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ে আসেন। এসেই কয়েকটি পাতা ফটোকপি করে দিতে বলেন। মইনুদ্দিনকে এগুলো ফটোকপি করতে বলা হয়।

Image
নিজের এলাকায় গিয়াসউদ্দিনের গুলি ছোড়ার এই দৃশ্য ২০১২ সালের মে মাসের।

নিজের এলাকায় গিয়াসউদ্দিনের গুলি ছোড়ার এই দৃশ্য ২০১২ সালের মে মাসের।

তিনি বলেন, “মেশিনে কালি কম থাকায় ফটোকপি ভালো হচ্ছিল না। হাতের কাজ সেরে তা সচিবের দপ্তর থেকে ফটোকপি করে দেব বলে একটু অপেক্ষা করছিলাম। এমন সময় এমপির পিএস এসে ফটোকপি চায়।”

“ফটোকপি না পেয়ে পিএস গিয়ে এমপি মহোদয়ের কাছে অভিযোগ করেন। এরপরই তিনি (এমপি গিয়াস) এসে উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন, হুমকি দেন।”

এরপর মাইনুদ্দিনকে মন্ত্রীর কক্ষে ডেকে নিয়ে যান গিয়াসউদ্দিন। তখন মন্ত্রীর কক্ষ থেকে গিয়াসউদ্দিনের উত্তেজিত কণ্ঠ শোনা যাচ্ছিল।

এমপি গিয়াস মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “জানেনই তো আমি জিয়াউর রহমান হত্যার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আমার কাজ আসা মাত্রই ছেড়ে দেবেন। এর পরেও শালারা এমন করে? আপনার কর্মচারীকে বলে দেন...।”

পরে মন্ত্রী মইনুদ্দিনকে তার কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি এমপিকে বলেন, “বিষয়টি আমি দেখছি।”

এই বিষয়ে মন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

মন্ত্রণালয় থেকে উত্তেজিত ভঙ্গিতে বেরিয়ে যাওয়ার সময় গিয়াস উদ্দিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।

গুলি করার হুমকি কেন দিয়েছেন- জানতে চাইলে তিনি শুধু বলেন, “রাখেন তো, বক্তব্য-টক্তব্য নাই।”

পরে একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি মোবাইল ধরেননি।

গত বছরের মে মাসে নিজের নির্বাচনী এলাকা গফরগাঁওয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে নিজের পিস্তল থেকে গুলি ছুড়েছিলেন গিয়াসউদ্দিন।

ওই ঘটনা নিয়ে সমালোচনা উঠলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে দলীয় সংসদ সদস্যদের আচরণ সংযত করার পরামর্শ দেন।