২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি পান ওসমান গনিও

পাক সার জমিন সাদ বাদ প্রকাশ করে হত্যার হুমকি পেয়েছিলেন প্রকাশক ওসমান গনিও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

হুমায়ুন আজাদ হত্যা মামলায় বৃহস্পতিবার ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতে প্রকাশক ওসমান বলেন, “হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ প্রকাশের কারণে আমাকেও মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছিল।”

এ মামলায় রাষ্ট্রপক্ষের  দ্বিতীয় সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন আগামী প্রকাশনের সত্বাধিকারী ওসমান গনি।

ওসমান গনি বলেন, ২০০৪ সালের একুশে বইমেলায়  আগামী প্রকাশনী থেকে পাক সার জমিন সাদ বাদসহ হুমায়ুন আজাদের চারটি বই বের হয়।

“২০০৪ সালে বইটি প্রকাশের পর মৌলবাদীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠায়।পরের বছর তারা আমাকে টেলিফোনে বলে হুমায়ুন আজাদকে যারা হত্যা করেছে তারাই তোকে মেরে ফেলবে।”

ওই উপন্যাস ইত্তেফাকে প্রকাশের পর থেকেই মৌলবাদী গোষ্ঠী তার বিরোধিতা করে আসছিল বলে জানান ওসমান গনি।

এ মামলার  বিচার প্রক্রিয়ার  ধীর গতির জন্য আদালতের সামনে ক্ষোভ  প্রকাশ করেন তিনি।

হুমায়ুন আজাদের সবচেয়ে বেশি বইয়ের প্রকাশক ওসমান গনি বলেন, লেখকের ওপর যেদিন হামলা হয় সে দিনটি ছিল শুক্রবার। বইমেলার স্টলে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর লেখক চত্ত্বরে কিছুক্ষণ আড্ডা দেন হুমায়ুন আজাদ।পরে বাইরে বের হলে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। তার হাতে থাকা বই দিয়ে তিনি নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন।

সাক্ষ্যে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা পর উন্নত চিকিৎসার জন্য লেখককে ব্যাংককে পাঠানো হয়। সেখানে প্রায় এক বছর চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসেন।

“পরে পেন ইন্টারন্যাশনালের  আমন্ত্রনে জার্মান কবি হেনরিক হাইনের ওপর গবেষণার জন্য জার্মানি যান তিনি। সাত দিনের মাথায় হুমায়ুন আজাদকে মিউনিখে  তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।”

ওসমান গনি বলেন,“সিএমএইচ হাসপাতালে হুমায়ুন আজাদ সাংবাদিকসহ অন্যদেরকে বলেছিলেন, কারা আমাকে হত্যা করতে আক্রমণ করেছিল তা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কিন্তু  সাঈদী তখন সংসদ সদস্য থাকার কারণে তদন্ত কর্মকর্তা সিআইডির ফজলুল করিম তাকে জিজ্ঞাসাবাদ করতে পরেননি। ফজলুলকেও হুমায়ুন আজাদ একই কথা বলেছিলেন।”

জবানবন্দি দেয়ার পর ওসমান গনিকে কোনো জেরা করেনি আসামিপক্ষের আইনজীবীরা।

এদিকে, একই দিন রাষ্ট্রপক্ষে তৃতীয় সাক্ষী হিসাবে সেসময় আহত হুমায়ুন আজাদকে রক্তদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সাবেক ছাত্র এইচ এম শফিকুল ইসলাম আসিফ সাক্ষ্য দেন।

বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া তার সাক্ষ্যগ্রহণ শেষে আগামি ১৭ ফেব্রুয়ারি  এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন রাখেন।

গত ১ জানুয়ারি একই আদালতে হুমায়ুন আজাদের ছোট ভাই মঞ্জুর কবির বাদি হিসাবে জবানবন্দি তুলে ধরেন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো পাশে হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বহুমাত্রিক লেখক ও ভাষাতত্ত্ববিদ হুমায়ুন আজাদ সে ১২ অগাস্ট জার্মানিতে মারা যান। মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত বছরের  ১০ সেপ্টেম্বর  এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে  অভিযোগ গঠন করে আদালত।

গত বছরের ১৩ মে তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বাদ দিয়ে ওই পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- মো. মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন ওরফে হামিম ওরফে হাসিম, আনোয়ারুল  আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু, সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এবং হাফেজ মাহমুদ ওরফে রাকিব ওরফে রাসেল।

অভিযুক্ত আসামিরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বিভিন্ন পর্যায়ের নেতা। এ মামলার অন্যতম আসামি নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু পলাতক আছেন।

প্রথমে একটি একটি হত্যাচেষ্টা মামলা হলেও সম্পূরক অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে এটি হত্যামামলায় পরিণত হয়।

হুমায়ুন আজাদকে হামলার ঘটনায় ঢাকার অন্য একটি আদালতে বিস্ফোরকের মামলা বিচারধীন রয়েছে।