২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার মামলার রায় যে কোনো দিন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায় হবে যে কোনো দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 06:59 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

ট্রাইব্যুনাল এখন সুবিধা মতো সময়ে যে কোনো দিন এ মামলার রায় দিতে পারে।

এ নিয়ে ট্রাইব্যুনালে মোট তিনটি মামলা শুনানি শেষে রায়ের পর্যায়ে গেল।

এর আগে গত ২৬ ডিসেম্বর জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানি শেষ হলেও ট্রাইব্যুনাল পুনর্গঠনের কারণে আদালত যুক্তিতর্কের অংশটি আবার শুনছে।

গত ১ নভেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। এরপর ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

গতবছর ২৮ মে ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে তার বিচার শুরুর আদেশ দেয়।

কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যেসব ঘটনা তুলে ধরেছে তার মধ্যে রয়েছে; পল্ল¬বীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও খাটারচরসহ পাশের আরো দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা।

ওইসব ঘটনার স্থান হিসেবে মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১ নম্বরসহ শাহ আলীর মাজার পর্যন্ত এবং ঘটনার সময় হিসেবে একাত্তর সালের ২৫ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে।

মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এ মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

শুনানির প্রায় শেষ পর্যায়ে এই জামায়াত নেতা পুনর্বিচারের আবেদন করলেও গত ৭ জানুয়ারি তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।