রংপুরে জাপার দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনের সামনে বুধবার দলের বিবদমান দুই পক্ষের কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
ওই সময় এরশাদ তার ‘পল্লী নিবাস’ বাসভবনে ছিলেন।
দুপুর ১২টার দিকে ওই সংঘর্ষের সময় পাঁচটি মোটর সাইকেলও ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জাপা চেয়ারম্যান এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি মীমাংসার জন্য জেলা ও মহানগর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সদরুল আলম (৪৮), একই উপজেলার যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার (২৫) ও তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য বাসু দেব (৪৯)। তাদেরকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জাতীয় পার্টির একাধিক নেতা জানান, আগামী জাতীয় নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে দলের প্রার্থী মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
মঙ্গলবার কাউনিয়ায় এক জনসভায় এরশাদ ওই আসনে প্রার্থী হিসেবে জাপা প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসার নাম ঘোষণা করেন। তবে পীরগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সদস্য শাহ্ মাহবুবুর রহমানও ওই আসনে মনোনয়ন প্রত্যাশী।
সকালে মাহবুবুর রহমান নেতাকর্মীদের নিয়ে এরশাদের ‘পল্লী নিবাস’ বাসভবনে গেলে করিম ও মাহবুবুরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ, জাপার জেলা ও মহানগর নেতারা পরিস্থিতি নিয়নস্ত্রণে আনেন।
এ বিষয়ে করিম উদ্দিন ভরসা অভিযোগ করেন, মাহবুবের নির্দেশে তার সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে ছয়জনকে আহত ও পাঁচটি মোটর সাইকেল ভাঙচুর করে।
অবশ্য উপজেলা চেয়ারম্যান শাহ্ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন, তিনি নেতাকর্মীদের নিয়ে পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে দেখা করতে গেলে করিম ভরসার লোকজন তাদের উপর হামলা চালায়। এতে দলের চার নেতাকর্মী আহত হন।
কোতয়ালী থানার পরিদর্শক আব্দুল লতিফ মিঞা সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
