মেহেরপুরে বিএসএফ সদস্য আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় মেহেরপুরের মুজিবনগরে এক বিএসএফ সদস্যকে অস্ত্র, গুলি ও ওয়ারলেস সেটসহ আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরে আনন্দবাস সীমান্ত থেকে আটক পুলিং বিন্দকে (১৯) আনন্দবাস বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তবে তাকে ছেড়ে দেয়া হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
পুলিং বিন্দ ভারতের ৯২ বিএসএফ ব্যাটেলিয়নের ভাতগাছি ক্যাম্পের সদস্য। ভারতের পাঞ্জাবের এই বাসিন্দা এক বছর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে (বিএসএফ) সিপাহী পদে যোগ দেন।
আনন্দবাস বিজিবি ক্যম্পের কমান্ডার হাবিলদার আবু মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৩টার দিকে এই বিএসএফ সদস্য সীমান্তের ১০২ সাব পিলার অতিক্রম করে বাংলাদেশ সীমানার পাঁচশ’ গজ ভেতরে ঢুকে এক কৃষককে ধাওয়া করে।
এই সময় জমিতে কর্মরত কয়েকজন বাংলাদেশি কৃষক তাকে আটক করে বিজিবিকে খবর দেয়।
হাবিলদার আবু মুসা আরো জানান, আটক বিএসএফ সদস্যের সঙ্গে অত্যাধুনিক একটি রাইফেল, ২০ রাউন্ড গুলি ও একটি ওয়্যারলেস সেট রয়েছে।
“আজ রাতেই তাকে ছেড়ে দেয়া হবে,” বলেন তিনি।
