২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিরুদ্ধে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 09:08 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় মৃত আজগার আলী (৩৫) উপজেলার হাতিকাটা গ্রামের খেয়াঘাটপাড়ার প্রয়াত আজমত আলীর ছেলে।

তবে পুলিশের দাবি, পুলিশের ধাওয়ায় পালানোর সময় অসুস্থ হয়ে মারা গেছেন কৃষক আজগার।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা পোশাকের একদল পুলিশ মাঠে কর্মরত আজগার আলীর কাছে মাদক চক্রের সঙ্গে জড়িতদের নাম জানতে চায়। আজগার মাদক বিক্রেতাদের নাম জানেন না বললে পুলিশ তাকে পেটাতে শুরু করে।

এক পর্যায়ে আজগার আলী গুরুতর আহত হয়ে পড়লে পুলিশ তাকে ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম বলেন, আজগার আলীকে মৃত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। তার মৃত্যু সন্দেহজনক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রেখে দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরীর দাবি, পুলিশ তাড়ি বিক্রির আখড়ায় অভিযান চালিয়ে উপজেলার বেলেপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে অহিদুল ইসলামকে আটক করে। ওইসময় আজগার আলী পালাতে গিয়ে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ আজগার আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিচ্ছিল। কিন্তু পথে তার মৃত্যু হয়।