সাভারে ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি রিমান্ডে
সাভারে ছাত্রী ধর্ষণের মামলার মূল আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ আশরাফুল আলম আসামি জাহেদ ওরফে রাজু ওরফে জাহিদুল ইসলামকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চান।
রিমান্ড আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী সহিদুল ইসলাম পাঁচদিনের হেফাজতে নেয়ার অনুমতি দেন বলে জানান আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,গত বছরের ২৫ নভেম্বর জাহেদ তার সহযোগীদের নিয়ে ওই তরুণীকে সাভারের ব্যাংক কলোনির একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। এসময় জাহেদের বন্ধু শাহীন ধর্ষণের ঘটনাটি ক্যামেরায় ধারণ করে।
শাহীনকে গ্রেপ্তার ও ক্যামেরা উদ্ধারসহ ধর্ষণের মূল রহস্য উদ্ঘাটনে জাহেদকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
এ ধর্ষণের ঘটনায় কারাগারে থাকা অপর দুই সহযোগী দানেশ ও সূচী ওরফে লিজাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চান এই তদন্ত কর্মকর্তা।
একই হাকিম আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা সাপেক্ষে এই রিমান্ড আবেদনের শুনানির জন্য ১৬ জানুয়ারি দিন রাখেন।
