পাবনায় যুবককে পিটিয়ে হত্যা
পাবনায় বিরোধ মীমাংসার নামে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের চক ছাতিয়ানী এলকায় রিয়াদ উল্লাহ রিয়াদকে (২৬) হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রিয়াদ (২৬) জেলার দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
পাবনা সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‘পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নিহতের পরিবার জানায়, চক ছাতিয়ানী এলাকার কনকের সঙ্গে তার ভাই মনিরের বিরোধ চলছিল। কনক ছিল রিয়াদের বন্ধু।
সকাল ১১টার দিকে ভাইয়ের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য কনক তার বন্ধু রিয়াদকে ভাই মনিরের বাড়িতে ডেকে নিয়ে যায়।
সেখানে মীমাংসার এক পর্যায়ে মনির ও তার লোকজন রিয়াদকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
