খাগড়াছড়িতে হেডম্যানসহ দুইজন ‘অপহৃত’
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে এক হেডম্যানসহ (মৌজা প্রধান) দুইজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সোমবার রাত ৮টায় উপজেলার গোমতী ইউনিয়নের মনোলাল পাড়ার হেডম্যান মনোলাল ত্রিপুরাকে (৪৩) অপহরণ করা হয়।
তার আগে বর্ণাল ইউনিয়নের বড়গ্রাম থেকে চিরঞ্জীব ত্রিপুরাকে (৩০) অপহরণ করা হয় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি পলাশপুর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান।
তিনি বলেন, মুখোশ পরিহিত সন্ত্রাসীরা প্রথমে চিরঞ্জীবকে অপহরণ করে মনোলালের বাড়ি দেখিয়ে দেয়ার জন্য নিয়ে যায়। পরে মনোলালকেও তারা অপহরণ করে।
“মনোলালের স্ত্রী ঘটনাটি আমাকে জানিয়েছেন। কারা এর সঙ্গে যুক্ত সে ব্যাপারে এখুনি কিছু বলা যাচ্ছে না।”
অপহৃতদের উদ্ধারে বিজিবির চারটি দল অভিযানে নেমেছে বলে লেফটেন্যান্ট কর্নেল নুরুজ্জামান জানান।
মাটিরাঙ্গা থানার ওসি আবু ইউসুফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। তবে কেউ থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি।
