জাবিতে শিক্ষক আটকে ‘মুক্তিপণ’ দাবি, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
গাইবান্ধার এক কলেজ শিক্ষককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ‘মুক্তিপণ’ আদায় করার অভিযোগে পাঁচ ছাত্রকে আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে সাভারে করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস থেকে মুক্তিপণের টাকা থেকে তুলতে গেলে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাবির হোসেন (২২), ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিক (২২) ও আনিসুজ্জামান সিদ্দিকী (২২), দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহেদ শাহ (২৪) এবং ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল ইসলাম (২৩)।
শফিক জাবির আ.ফ.ম কামাল উদ্দিন হল ও অন্যরা মওলানা ভাসানী হলের ছাত্র।
এর মধ্যে জাবির হোসেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। ঘটনাটি ‘সম্পূর্ণ সাজানো’ বলে দাবি করেছেন তার সহকর্মীরা। অপরদিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক অভিযোগ ওঠায় ও মামলা হওয়ায় জাবিরের সদস্য পদ ও সাংগঠনিক পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহসিন সালেহীন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১১ জানুয়ারি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আলহাজ্ব সেলিমা রহমান কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আহসান হাবিব জরুরি কাজে ঢাকা আসেন।
খবর পেয়ে তার পূর্ব পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতৃর্থ বর্ষের ছাত্র ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকে ফুসলিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। সেখানে আলবেরুনী হলের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে তার স্ত্রীর কাছে মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জাবির।
এই টাকা সাভার করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে বলেন তারা। এরইমধ্যে ওই প্রভাষকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভারে র্যাব-৪ ক্যাম্প কমান্ডারকে জানানো হয়।
পরে সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে টাকা তুলতে গেলে র্যাব সদস্যরা ওই পাঁচজনকে আটক করে। এরপর ওই শিক্ষককে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আটককৃতদের সাভায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কামন্ডার।
থানায় প্রিন্স বাদী হয়ে আটক পাঁচজনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আটককৃতদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।
তিনি জানান, “মামলায় পলাতক দেখিয়ে জাবির ছাত্র নাহিদ, তমালসহ অজ্ঞাত আরো ২/৩ জনকেও আসামি করা হয়েছে। তাদেরকেও গ্রেপ্তরের চেষ্টা চলছে।”
র্যাবকে জাবির হোসেন ও শফিক জানান, প্রভাষক প্রিন্সের কাছে তাদের পাওনা টাকা আদায় করতে আটক করে রাখা হয়েছিল।
তবে পুলিশ গ্রেফতারকৃত জাবির হোসেনের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেয়নি।
জাবিরের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম শুভ এবং সাধারণ সম্পাদক হাসান তারেক মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে জানানো হয়, ঘটনার পর সোমবার রাতে সাভার থানায় সংগঠনের বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতারা জাবির হোসেনের সাথে দেখা করেন। এ সময় জাবির নেতাদের কাছে দাবি করেন, “কথিত অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ ভিত্তিহীন এবং পাওনা টাকা পরিশোধ না করার পরিকল্পিত ষড়যন্ত্র।”
“জাবির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হবে। কিন্তু উভয়পক্ষের বক্তব্য বিভ্রান্তি তৈরি করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই কেবলমাত্র প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব”, বিবৃতিতে উল্লেখ করেন ছাত্র ইউনিয়ন নেতারা।
সকালে সাভার মডেল থানায় জাবিরের সঙ্গে দেখা করতে আসা ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক সৌমিত চন্দ জয়দ্বীপ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি সম্পূর্ণ সাজানো। জাবির হোসেন দেড় লাখ টাকা পাবে প্রভাষক প্রিন্সের কাছে। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে এ টাকা নিয়েছেন প্রিন্স।”
“আলবিরুনী হলের যে কক্ষে আটকে রাখা হয়েছে বলে প্রিন্স মামলায় উল্লেখ করেছে সে কক্ষের জানালার গ্রিল ভাঙ্গা। ইচ্ছে করলে তিনি পালাতে পারতেন। তাছাড়া তিনি কোনো চিৎকারচেচামেচিও করেনি। করলে চারদিনে আশপাশের শিক্ষর্থীরা তা শুনত।”
ছাত্র ইউনিয়ন জাবি শাখার সহকারী সাধারণ সম্পাদক মং সিং হাই মারমা সাংবাদিকদের বলেন, মামলায় যেভাবে অপহরণের ঘটনা সাজানো হয়েছে তা মিথ্যা।
তবে প্রভাষক আহসান হাবিব প্রিন্স তাদের কাছ থেকে টাকা নেয়ার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাবির হোসেন গাইবান্ধায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত, সেখান থেকেই তার সঙ্গে পরিচয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমাদের ছাত্ররা যে ওই প্রভাষককে জাবির ভিতরে আটকে রেখেছে তা কিন্তু ওই প্রভাষকের পরিবারের পক্ষ থেকে জানান হয়নি। তারা বিষয়টি সরাসরি র্যাবকে অবহিত করেছে।
তিনি বলেন, আলবেরুনী হলে তাকে আটকে নির্যাতনের কথা বলা হলেও গ্রেপ্তারকৃতরা কেউ ওই হলের ছাত্র নয়।
তাই বিষয়টি নিয়ে জাবির ডিসিপ্লিন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পরই ছাত্রদের বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রক্টর।
