২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোবহানবাগে ডাকাতি

রাজধানীর সোবহানবাগে সোমবার সন্ধ্যায় এক বাসায় ডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 06:58 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ডাকাতরা বাসার সবাইকে হাত-পা বেঁধে আটকে রেখে সোনার গহনা, নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ওই পরিবারের অভিযোগ।

ডাকাতির ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।

গৃহকর্তা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ ব্যবস্থাপক নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

“পৌনে ৭টার দিকে কলিং বেলের শব্দ শুনে আমি এসেছি মনে করে আমার স্ত্রী দরজা খুলে দেয়ার সাথে সাথে ৮/১০ জন ডাকাত বাসায় ঢুকে পড়ে।”

তারা বাসায় ঢুকে নূরুল আলমের স্ত্রী ও দুই সন্তানের বেঁধে ফেলে। ডাকাতি শেষে রাত সাড়ে ৮টার দিকে তারা চলে যায় বলে নূরুল আলম জানান।

নূরুল আলমের কলেজপড়ুয়া ছেলে তাজিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত দলের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। কারো হাতে পিস্তল, কারো হাতে চাপাতি এবং কারো হাতে ছুরি ছিল।