এসআই নাসির হত্যা: ১৩ আসামীর বিরুদ্ধে চার্জশিট
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সন্ত্রাসীদের হামলায় মেঘনায় ডুবে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির সিরাজী নিহত হওয়ার প্রায় দেড় বছর পর ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
তবে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে প্রথম এজাহারে থাকা ৩৩ জনকে।
মামলার চার্জশিটভুক্ত ১৩ আসামী হচ্ছেন- সিদ্দিক, আলেক, লিয়াকত, জসিমউদ্দিন জসু, কালাম, মোবারক, জুয়েল, জলিল, মোয়াজ্জেম, সুহেল, মোস্তফা, আলম, রমজান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, অব্যাহতি পাওয়া আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাক্ষীদের সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০১১ সালের ১৭ জুন এসআই নাসির সিরাজীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মোট ৪জন তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর ৫ম কর্মকর্তা আড়াইহাজার উপজেলার খাগকান্দা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন শেখ গত ৪ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
এতে মামলার স্বাক্ষী করা হয়েছে পুলিশের এসআই, কনস্টেবল, আনসারসহ ৪৫ জনকে।
চার্জশিট থেকে বাদ দেয়া আসামীরা হচ্ছেন- আলম, আহসানউল্লাহ, শফিকুল, ফিরোজ মিয়া, ফাইজুল হক ডালিম, মোঃ জালাল, আবুল বাশার, কবির, রশিদ, রুকু মিয়া, রব মিয়া, রুবেল, রমজান, সামছুল হক, সবুজ, ফারুক, খলিল, ইসলাম, আলম, মিজান, রতনসহ ৩৩ জন। আসামী ও অব্যাহতিপ্রাপ্ত সবাই কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
২০১১ সালের ১৭ জুন রাত ২টায় আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় আসামী ধরতে বিশেষ অভিযানে যান এসআই আহসানউল্লাহর নেতৃত্বে অন্য দুই এসআই নাসির সিরাজী ও রফিকুল ইসলাম সহ কনস্টেবলরা।
অভিযানে পুলিশ কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী একেএম ফাইজুল ইসলাম ডালিমের সমর্থক ৪ জনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আসামীপক্ষের ৪০-৫০ জন লোক ইটপাটকেল, টেঁটা, বলম, দা ও লাঠিসোটা নিয়ে বালুবাহী(বাল্কহেড) যোগে এসে পুলিশের উপর হামলা চালায় এবং আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
হামলায় পুলিশের এসআই রফিকুল ইসলাম ও আহসানসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নিখোঁজ থাকার ৩৪ ঘণ্টা পর খাগকান্দা ইউনিয়নের দণি নয়াপাড়া মেঘনা নদীর তীর থেকে এসআই নাসির সিরাজীর লাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় পুলিশের এসআই আহসানউল্লাহ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে ওই সময় নিহত নাসির সিরাজীর স্ত্রী কোহিনূর সিরাজী, ছোট ছেলে ফয়সাল সিরাজী ও এক মাত্র মেয়ে নাহিদা সুলতানা দাবি করেছিলেন এসআই নাসির সিরাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মামলাটি প্রথমে তদন্ত করেন এসআই এনামুল হক। এরপর যথাক্রমে এসআই নাজমুল হুদা, এসআই আব্দুল আউয়াল, এসআই লাল মাহমুদ এবং সর্বশেষ এসআই নাসির উদ্দিন শেখ।
চার্জশিটে আরো বলা হয়, নিহত এসআই নাসির সিরাজীর ভাই ওয়াসির উদ্দিন সিরাজীর আদালতে দাখিলকৃত পিটিশনে (পি-২৭২/১১) থানার দুই কর্মকর্তা রফিকুল ইসলাম ও আহসান উল্লাহর বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনলেও তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।
অজ্ঞাত ২০/২৫ জন আসামীকেও শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে চার্জশিট দাখিল করা মামলার তদন্ত কর্মকর্তা খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন শেখ সাংবাদিকদের বলেন, ঘটনার দিন ৪ আসামিকে ধরে আনা হয়েছিল। তখন ওই ৪ জনের হাতে হ্যান্ডকাপ পরা ও তারা পুলিশি হেফাজতে ছিল। পুলিশের হেফাজতে থেকে তারা কোন অপরাধ করতে পারে না। তাই ওই ৪ জনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া কালাপাহাড়িয়া ইউনিয়নের ডালিমের বিরুদ্ধে এ ঘটনার কোন সম্পৃক্ততা থাকার প্রমাণ না পাওয়া ডালিমসহ অন্যান্যদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
