২১ অগাস্ট মামলায় সাক্ষী ইউসুফকে জেরা
২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় সাক্ষী জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক ইউসুফ হোসেনকে জেরা করেছেন আসামিপক্ষ।
সোমবার জেরার আগের দিন এই সাক্ষী জবানবন্দিতে বলেছিলেন, ২০০৪ সালে ওই হামলার আগে এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক আব্দুর রহিম হাওয়া ভবনে গিয়েছিলেন।
মামলার আসামি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমের আইনজীবী আহসান উদ্দিন মামলার ৬৬তম সাক্ষী ইউসুফকে জেরা করেন।
জেরায় পদমর্যাদা, চাকরি, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিমের তত্ত্বাবধান, হাসপাতালের যে কক্ষে রহিম চিকিৎসাধীন ছিলেন সে সম্পর্কে ইউসুফকে প্রশ্ন করা হয়।
একটি প্রশ্নের উত্তরে ইউসুফ জানান, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি পাননি। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের সঙ্গেও যুক্ত ছিলেন না।
নাজিম উদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ এজলাসে জেরা অসমাপ্ত রেখেই দিনের কার্যক্রম শেষ হয়। বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২১ ও ২২ জানুয়ারি সাক্ষীকে জেরার পরবর্তী দিন রেখেছেন।
ইউসুফ সাক্ষ্যে জানান, আব্দুর রহিম ২০০৪ সালের ১২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন তিনি ছিলেন অসুস্থ রহিমের তত্ত্বাবধানে।
তিনি বলেন, ২০০৪ সালের ১২ অগাস্টের পর ২১ অগাস্টের আগে চিকিৎসাধীন অবস্থায় একদিন আব্দুর রহিম হাওয়া ভবনে গিয়েছিলেন।
“আমি ও কনস্টেবল মনোয়ার সিএমএইচে ডিজি (রহিম) স্যারের দেখভালের জন্য রোস্টার ডিউটি করতাম। আমাদের সঙ্গে ওয়াকিটকি থাকত।
“ডিউটি চলার সময় একদিন ড্রাইভারকে (রহিমের গাড়িচালক) ওয়েটিং রুমে পাইনি। ফিরে এলে জিজ্ঞেস করলে সে জানায়, স্যারকে নিয়ে সে বনানীতে হাওয়া ভবনে গিয়েছিল।”
আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, হাওয়া ভবন থেকেই তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিল, যাতে নিহত হন আইভি রহমানসহ অন্তত ২৪ জন।
আব্দুর রহিম এই মামলার ৫২ আসামির একজন। বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তের পর তাকে আসামির তালিকায় যোগ করে সিআইডি। সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকেও।
২০০৪ সালে সমাবেশে গ্রেনেড হামলার পর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে।
তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে সিআইডি এই মামলায় ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। আসামিদের অধিকাংশই জঙ্গি সংগঠনের সদস্য।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্ত হয়, এতে আসামির তালিকায় ৩০ জনকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, পিন্টুর ভাই তাজউদ্দিন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন কায়কোবাদও আসামিদের তালিকায় রয়েছেন।
