২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর ফার্মগেইট, ফুলবাড়িয়া ও বাড্ডা লিংক রোডে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১১টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- মো. ইসমাইল মীর (৪৫), মো. জসিম উদ্দিন (৩২) ও মোশফিকুল হক ইমন (২৪)।

ফার্মগেইটে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত ইসমাইলকে হাসাপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর ইসমাইল নয়াবাজারের এক দোকানে কাজ করতেন, থাকতেন মহাখালীর বক্ষব্যধি হাসপাতাল এলাকায়।

অপর দুর্ঘটনায় ফুলবাড়িয়া এলাকায় নিহত হন জসীম নামের এক বাস চালক। রাতে নিজের বাস মেরামত করার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে রাত ১২টার দিকে বাড্ডা লিংক রোডের মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী ইমন। হাতির ঝিল এলাকায় ঘুরে গুলশান হয়ে কদমতলীতে নিজের বাসায় ফেরার পথে তিনি দুর্টনায় পড়েন।

ছোট ভাই আশরাফুল হক জানান, ইমনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটালী প্রবাসী ইমন গত ডিসেম্বরে দেশে ফেরেন বলে আশরাফুল জানান। 

তিনটি মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে এসআই বাচ্চু জানান।