২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৩

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও একজন নারী এবং সিরাজগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল/সিরাজগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে একটি মাইক্রোবাস নিলুফা বেগম (৫০) নামের এক নারীকে এবং রেইনট্রি তলা এলাকায় একটি বাস পাঁচ বছর বয়সী রায়হানকে চাপা দিলে দুজনই ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার পর দুই স্থানেই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

রায়হান নগরীর কাশিপুর কলাডেমা এলাকার রিকশা চালক নূর হোসেন দেওয়ানের ছেলে। আর নিলুফা বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী।

ময়নাতদন্তের পর নিহত দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. শহিদুল্লাহ।

এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়ায় বাসের ছাদ থেকে পড়ে জহির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচান গ্রামের বাসিন্দা জহির বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন।

তাজুল হুদা বলেন, লাশটি রাতভর রাস্তায় পড়ে থাকায় বিভিন্ন যানবাহনের চাকায় একেবারে পিষ্ট হয়ে যায়। ভোরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পোশাক দেখে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে।