অপহৃত বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে অপহৃত বৃদ্ধকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
রোববার সকাল ১১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বাংলাদেশি ভূ-খণ্ডের নোম্যান্সল্যান্ডের একটি ক্ষেতে কাজ করতে গেলে বিএসএফ দিনমজুর শেখ আব্দুল্লাহকে (৫৫) ধরে নিয়ে যায়।
আব্দুল্লাহ উপজেলার ছাট ছাটকড়াইবাড়ী গ্রামের বাসিন্দা।
দুপুর ২টায় পতাকা বৈঠকের সময় বিএসএফ শেখ আব্দুল্লাহকে বিজিবির হাতে তুলে দেয়।
এ ঘটনার জন্য বিএসএফ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন বলে জানান বিজিবি ৬নং ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপি কোম্পানি কমান্ডার আব্দুল কাদের।
তিনি জানান, সকালে নোম্যান্সল্যান্ডের সরিষা ক্ষেতে কাজ করতে গেলে ১০৫৪ ও ১০৫৫ নং সীমানা পিলারের মাঝামাঝি স্থান থেকে ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ জোয়ানরা আব্দুল্লাহকে ধরে নিয়ে যায়।
বিএসএফ দাবি করেছে, আব্দুল্লাহ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
রৌমারী থানার ওসি মোখলেছুর রহমান জানান, ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আব্দুল্লাহকে আসামি করে একটি মামলা দিয়েছে বিজিবি।
সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
