নির্যাতিত মাকে রক্ষায় ইটের আঘাত, বাবার মৃত্যু
রংপুরে ছেলের ইটের আঘাতে মারা গেছেন এক ব্যক্তি, যিনি স্ত্রীকে নির্যাতন করতেন বলে তার সন্তানরা জানিয়েছেন।
ছেলের ঢিলে আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাশেদুল ইসলাম (৫৫)শুক্রবার মধ্যরাতে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান। ইটের আঘাত নিয়ে আট ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি হন তিনি।
রাশেদুলের স্ত্রী সায়মা বেগম ও ছেলে কলেজছাত্র সায়েমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি রংপুর নগরীর বোতলারপাড় এলাকায়।
নিহতের ছোট ছেলে সোয়াদ (১৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বাবা রাশেদুল প্রায়ই তার মা সায়মা বেগমকে শারীরিক নির্যাতন করত। শুক্রবার বেলা ৩টার দিকে মাকে মারধর করলে তা ঠেকাতে বড় ভাই সায়েম (২২) গেলে তাকেও মারপিট করেন রাশেদুল।
“মারের চোটে বাবার মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে ভাই, এতে মাথা ফেটে যায় বাবার,” বলেন সোয়াদ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাথায় আঘাতে রাশেদুল মারা যান।
সায়েম ঢাকার একটি কলেজে পড়াশোনা করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
