রূপগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে স্বামী আবুল হোসেনকে (৩২) আটক করা হয়।তিনি উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে যৌতুকের এক লাখ টাকা না পেয়ে আবুল হোসেন তার স্ত্রী রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আগুনে রুমার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন দাবি করেন, রুমা নিজেই তার শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনা তার শ্বশুর-শ্বাশুড়িকে মোবাইল ফোনে জানান বলে দাবি করেন আবুল হোসেন।
এদিকে স্বামীকে আটক করা হলেও ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
