বেনাপোলে বিষ্ফোরণে নিহত ১, বোমা উদ্ধার
যশোরের বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে বারপোতা গ্রামে এ বিস্ফোরণে আহত হন রফিকুল ইসলাম (২৮)। ঢাকা নেয়ার পথে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। রফিক ওই গ্রামের সাজ্জাদ মোড়লের ছেলে।
এদিকে বেনাপোল বন্দর রপ্তানি টার্মিনাল থেকে শুক্রবার রাতে দুইটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ওসি এ কে এম ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে রফিকুল ও মিলনসহ কয়েকজন যুবক একটি বাড়িতে বোমা তৈরি করছিলেন। এ সময় একটি বোমা বিষ্ফোরিত হলে রফিকসহ তিনজন আহত হন।
এদের মধ্যে রফিকুলকে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে গ্রেপ্তার এড়ানোর ভয়ে গোপন স্থানে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে আহত দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি, বলেন ওসি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিক বন্দর রপ্তানি টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে কে এগুলো ওখানে রেখেছে তা জানা যায়নি।
