২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বাড়ানোর সিদ্ধান্তে নৌ ধর্মঘট প্রত্যাহার

মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বেতন ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের পর ধর্মঘট প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহার করে সব নৌ শ্রমিককে কাজে যোগ দেয়ার আহ্বান জানান। এই সংগঠনের ডাকেই মঙ্গলবার রাত থেকে ধর্মঘট পালন করছিল নৌ শ্রমিকরা।

এর আগে মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে নৌযান মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়।

শাজাহান খান বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব পর্যায়ের নৌযান শ্রমিক-কর্মচারীর বেতন ২০ শতাংশ বাড়ানো হবে। এটি বাড়বে মোট বেতনের ওপর।

আর চলতি মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, “এটাকে অ্যাডহক বলেন, মহার্ঘ্য ভাতা বলেন অতিরিক্ত বেতন বলেন যাই বলেন এটা আগামী বেতন কাঠামোতে সমন্বয় করা হবে।”

এ সময় মন্ত্রী শ্রমিক নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্মঘটের সময় কোনো শ্রমিক গ্রেপ্তার হলে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকলে সেটাও সমাধানের জন্য বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. সামসুজ্জোহা খন্দকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ধর্মঘটের কারণে তাদের (শ্রমিক) প্রতি যেন কোনো বিমাতাসুলভ আচরণ করা না হয়।”

শ্রমিকদের অন্যান্য দাবিগুলোর বিষয়ে মন্ত্রী বলেন, “আগামী ২৭ তারিখে মালিকপক্ষের দাবিদাওয়া নিয়ে মন্ত্রণালয়গুলো বসবে। সেখানে যদি আমি তাদেরকে (মালিক) বেনিফিট দিতে পারি তাহলে তারা আপনাদের বেনিফিট দিতে বাধ্য।”

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমায় চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আহরণকারী জাহাজ শ্রমিকরা যে যার মতো করে এই কর্মবিরতি পালন করে।

নৌযান শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ধর্মঘটের কারণে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে আগ্রহী মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছেন।

সর্বনিম্ন বেতন স্কেল পাঁচ হাজার টাকা করাসহ শ্রমিকরা মোট ১৬টি দাবি জানায়, যার মধ্যে নৌপথের নিরাপত্তা ও নাব্যতা বাড়ানো এবং ‘মেরিন কোর্টের হয়রানি’ বন্ধ করার দাবিও রয়েছে।

শাজাহান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা ধর্মঘটে যাওয়ার আগে তাদের দাবি-দাওয়া নিয়ে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়। কিন্তু সেখানে মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় ওই আলোচনা ব্যর্থ হয়।”

সংকট নিরসনে শেষে মতিঝিল বিআইডব্লিউএ ভবনে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহামুদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর জুবায়ের আহমেদ, শ্রম সচিব মজিবুর রহমান, শ্রম অধিদপ্তরের পরিচালক আবু সাইদ মো. খুরশীদুল আলম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব উদ্দিন আহমদ বীরবিক্রম, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মদীনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. সেলিম প্রমুখ।

পুরনো খবর:

নৌ-ধর্মঘট তৃতীয় দিনে