২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উদ্যমে উত্তরণে শতকোটি’

নারীর প্রতি সহিংসতা নির্মূলের অঙ্গীকার নিয়ে বিশ্বজুড়ে শতকোটি নারী-পুরুষকে একই দিনে এক সঙ্গে রাজপথে আনার ব্যাপক পরিকল্পনা নিয়েছে বিশ্বব্যাপী উন্নয়ন, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

নারীর প্রতি নির্যাতন রোধে ‘ভি-ডে’র ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ শিরোনামে এদিন সারা বিশ্বে ১০০ কোটি নারী ও পুরুষ রাস্তায় নেমে আসবেন মনে বলে মনে করছেন উদ্যোক্তারা।

বিশাল এই পরিকল্পনার অংশ হিসেবে সেদিন বাংলাদেশেও অন্তত আড়াই কোটি নারী-পুরুষকে রাজপথে আনার উদ্যোগে অংশ নিতে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ ব্যানারে প্রচার চলছে। এতে অংশ নিচ্ছে, ইউএনডিপি, ইউএন উইমেনসহ দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি অধিকার সংস্থা, বাংলাদেশ টেলিভিশন ও কয়েকটি বেসরকারি গণমাধ্যম।

নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্দোলনে ‘ভি-ডে’ আন্দোলন শুরু করেন মার্কিন নাট্যকার, অভিনেতা ও মানবাধিকারকর্মী ইভ এনসেলার। তার লিখিত সাক্ষাৎকারভিত্তিক নাটক ‘দি ভ্যাজাইনা মনোলগস’ মঞ্চস্থ হওয়ার পরে নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখে ১৯৯৮ সালে প্রথম এই দিবস পালনের উদ্যোগ নেন তিনি। নারী নির্যাতনের বিভিন্ন রূপ তুলে ধরে দুই শতাধিক নারীর সাক্ষাতকার নিয়ে নাটকটি লেখেন বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এই নাট্যকার। নারী ও শিশুদের জন্য একটি নির্যাতনমুক্ত বিশ্ব নির্মাণে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন।

‘উদ্যমে উত্তরণে শতকোটি’র প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীতে বাংলাদেশের তরুণদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন ইভ এনসেলার। পরে রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলন করেন তিনি।

ইভ বলেন, “আমরা সব নারীরা নারীত্বের আত্মীয়তায় বাঁধা। বিশ্বের সব দেশেই নারী নির্যাতনকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। কিন্তু নির্যাতিত নারী ঘরের ভেতর আটকে থাকে, তাদের কথা হারিয়ে যায়। তাই এদিন আমরা নারীরা, এবং নারীর প্রতি সহিংসতাবিরোধী পুরুষরা বাইরে বেরিয়ে আসতে চাই।

“সারা বিশ্বে নারীর প্রতি যৌন সহিংসতার ‘টাইফুন’ চলছে। এ টাইফুনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই আমরা। আশা করছি ওইদিন নারীবাদী একটি ‘সুনামি’ তৈরি করবো আমরা।”

প্রতিবছর নারী অধিকার সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচি পালনের মাধ্যমে দেশে দেশে ভি-ডে পালিত হয়ে আসছে। এ দিবসে ধর্ষণ, শারীরিক নির্যাতন, পরিবারের সদস্যদের দ্বারা যৌন নিপীড়ন ও মেয়েদের খতনাসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করা হয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ইতিমধ্যে বিশ্বের ১৮২টি দেশের নাগরিকরা ‘ওয়ান বিলিয়ন রাইজিং’য়ে অংশ নেয়ার অঙ্গীকার করেছে বলে জানান তিনি।

ইরান, মিশর, মরক্কো, সুদানের মতো মুসলিম দেশগুলোর নারীরাও দিবসে রাস্তায় নামার অঙ্গীকার করেছে। এতে আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকাসহ উন্নত বিশ্বের দেশগুলোও অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দেশে এ আয়োজনে অংশগ্রহণকারী অন্যতম সংস্থা ‘নিজেরা করি’র প্রধান খুশি কবীর বলেন, “আমরা চাই ১৪ ফেব্রুয়ারি প্রতিটি গ্রামে নারীরা বাইরে বেরিয়ে আসুক।”

তিনি জানান, ওইদিন ঢাকায় কয়েকটি নির্দিষ্ট স্থানে বড় করে এবং বড় শহুরগুলোতে নির্দিষ্ট স্থানে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।

ইতোমধ্যে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মানবাধিকার সংস্থা, গার্মেন্টসসহ অন্যান্য অধিকার আন্দোলনে জড়িত কর্মীদেরও এতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান খুশি কবির।

ইতোমধ্যে মানবাধিকার সংস্থা অ্যাকশনএইড, আইন ও শালিস কেন্দ্র, ব্রিটিশ কাউন্সিল, গেট্যে ইনিস্টিটিউট, কেয়ার বাংলাদেশ, নিজেরা করি ও মানুষের জন্য ফাউন্ডেশনসহ অর্ধশতাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উদ্যোগে অংশ নিতে সম্মত হয়েছে।