চলন্ত ট্রেনে উঠতে দু’পা গেল
যশোরে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে দু’পা হারালেন এক নারী।
শুক্রবার শহরের রেলওয়ে জংশনে এ দুর্ঘটনার শিকার জাহানারা বেগম (৩০) রাজশাহীর মেহেরচন্ডি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী।
গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহানারার আত্মীয় রিপন সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তারা রাজশাহী যাওয়ার জন্য যশোর রেলওয়ে জংশনে যান। এ সময় প্লাটফর্ম থেকে ছেড়ে দেয়া রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসে ওঠার চেষ্টা করেন তারা।
ট্রেনে ওঠার সময় জাহানারা পড়ে গেলে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মীর্জা আক্তারুজ্জামান বলেন, জাহানারার অবস্থা আশঙ্কাজনক।
