ভারতে সাজা শেষে ফিরলেন ২১ নারী
ভারতে দুই বছর কারাভোগ শেষে শুক্রবার দেশে ফিরেছে ২১ বাংলাদেশি নারী ও দুই শিশু।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এরা হলেন কল্পনা (২২), আকলিমা (৩০), জোহরা (২৯), হাসিনা (২২), মারিয়া (২৪), সাজেদা (৩০), স্বপ্না বিশ্বাস (৩৩), করিমন (৩৫), পলি (২২), মরিয়ম (২৩), আরিফন (২৬), হামিদা (৩০), খাদিজা (২৮), ফাতেমা (৩০), রিনা (২২), সুমনা (২৫), ফাতেমা বেগম (৩০), সম্পা (১৯), সিমরন (২০), রোজিনা (১৮), রাবেয়া (২৫)।দুই শিশু হল আঁখি ও পাভিন ।
তাদের বাড়ি যশোর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে এরা অবৈধ পথে ভারত গিয়েছিল।
ভারতের মুম্বাই শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠায়। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের দুই বছর করে সাজা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, সাজা শেষ হলে ‘নব জীবন সেল্টার হোম ’ নামে একটি ভারতীয় এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয় কেন্দ্রে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে আসে।
বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ‘যশোর রাইটস’র কর্মকর্তা তৌফিকউজ্জামান জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে তারা দেশে ফিরে আসা নারীদের গ্রহণ করেছেন। পরে পরিবারের হাতে তাদের তুলে দেয়া হবে।
