২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি’র ওপর চোরাকারবারীদের হামলা

সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার বিকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালি ও কাকডাঙা গ্রামের কাছের এ সংঘর্ষে দুই বিজিবি সদস্য আহত হওয়ার পরে সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, নায়েক সুবেদার এরশাদ, ল্যান্স নায়েক জামাল এবং ‘চোরাকারবারী’ জিয়ারুল ইসলাম জিয়া।

বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বাসির জানান, অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে ভাদিয়ালী সীমান্তপথে বাংলাদেশে আসার পরে কাকডাঙা বিওপি কমান্ডার নায়েক সুবেদার এরশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরাচালানকারীরা এসময় বিজিবি সদস্যদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে আক্রমণ করে।

খুব কাছে এসে তারা নায়েক সুবেদার এরশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে জানান আবু বাসির। এ সময় ল্যান্স নায়েক জামালও আহত হন।