২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে কটুক্তি করে কারাগারে ইউপি চেয়ারম্যান

এক মুক্তিযোদ্ধার দায়ের করা মানহানির মামলায় নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যানকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বৃহস্পতিবার উপজেলার আমলী আদালতের বিচারিক হাকিম আরিফুল ইসলাম চেয়ারম্যান মল্লিক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে এ আদেশ দেন।

কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (দপ্তর) আতিয়ার রহমান তাকে কটুক্তি করার অভিযোগে ওই মামলাটি দায়ের করেছিলেন।

নড়াইল আদালতের এপিপি সুনীল কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যান মনিরুল ইসলাম ওই মামলায় (সিআর-১০৫/১২) জামিন নিতে গেলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে একটি সনদপত্র আনতে যান। কিন্তু চেয়ারম্যান সনদপত্র না দিয়ে তাকে নিয়ে কটুক্তি করেন।

এ ঘটনায় আতিয়ার গত ১৮ অক্টোবর কালিয়া নালিশী আদালতে মানহানি মামলা দায়ের করেন।