কক্সবাজারে দুই ‘জলদস্যু’ গ্রেপ্তার
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ‘বন্দুকযুদ্ধের’ পর দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, রমিজ বাহিনীর প্রধান রমিজ ও তার সহযোগী কায়সার।
ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও জাল কাটার মেশিন উদ্ধার করা হয়েছে বলে জানান পেকুয়া থানার ওসি আনোয়ার হোসেন।
তিনি বলেন, জলদস্যু সর্দার রমিজ তার বাহিনী নিয়ে বৃহস্পতিবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্যে পেকুয়ার পশ্চিমে কুতুবদিয়া চ্যানেলের লালজান ব্রিজের কাছে যায়। নিয়মিত টহলের অংশ হিসেবে ওই সময় কক্সবাজারের অতিরিক্তি পুলিশ সুপার বাবুল আকতারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রমিজ গুলিবিদ্ধ হয়।
আহত রমিজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পেকুয়া থানায় একটি মামলা হয়েছে।
রমিজের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।
