‘সরকার শীতার্তদের মাঝে বস্ত্র, অর্থ বিতরণ করছে’
চলমান শৈত্যপ্রবাহে সরকার উত্তরাঞ্চলসহ সারাদেশের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের প্রতিটি উপজেলায় শীতবস্ত্র পাঠানো হয়েছে এবং তা বিতরণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নগদ অর্থও দেয়া হচ্ছে শীতার্ত মানুষকে।
“অধিক শীতের কবলে থাকা উত্তরাঞ্চলের প্রত্যেক উপজেলায় দুই লাখ এবং শীতের প্রকোপ কম এমন উপজেলার জন্য এক লাখ করে নগদ অর্থ দেয়া হচ্ছে।”
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলমান শৈত্যপ্রবাহে সারাদেশে ৪ লাখ ২৭ হাজার ৮০৮টি কম্বল বিতরণ করা হচ্ছে।
এরমধ্যে ইউএনডিপি দিয়েছে ৫৬ হাজার ৫০৮টি এবং ডাচবাংলা ব্যাংক থেকে এক লাখ কম্বল পাওয়া গেছে। বাকীগুলো সরকারি অর্থে কেনা।
এছাড়া আরো পাঁচ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৯৫ টাকার শীতবস্ত্র কিনে জেলা প্রশাসকদের মাধ্যমে তা দেশের শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে বলে জানান ওয়াজেদ।
তবে শীতার্ত মানুষের প্রয়োজনে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
এদিকে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় ঝুঁকি। ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দেবেযুক্তরাষ্ট্র।
দুর্যোগ ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহযোগী।
“বাংলাদেশকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ৫৪৭টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও পুনর্নির্মাণে সহায়তা দিয়েছে।”
রাষ্ট্রদূত আরো বলেন, বর্তমানে শতাধিক সাইক্লোন সেন্টার নির্মাণে যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে। আগামী নভেম্বরের মধ্যে এগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
“দুর্গতদের জন্য খাদ্য সহায়তা বিষয়ে মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুর্যোগের সময় খাদ্যের প্রয়োজন হয়, এজন্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪২ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে।”
বৃহস্পতিবার সকালে চার দশকের মধ্যে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত রোববার থেকেই চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ শুরু হয়। গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পিতিবার পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) এবং রাজশাহী, রংপুর, যশোর, শ্রীমঙ্গল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।
শীতের কারণে অনেকেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে রাতের তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
এ সপ্তাহে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে দুপুর পর্যন্ত রংপুর, ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে এবং দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দেশের অন্যান্য এলাকায়ও।
এই শীতে বোরো বীজতলা ও গোল আলুর আবাদ রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও কৃষিবিদরা।
