সদরঘাটে লঞ্চে আগুন
নৌযান শ্রমিকদের ধর্মঘটের মধ্যে সদরঘাটে নোঙর করা একটি লঞ্চে আগুন ধরা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদরঘাট সংলগ্ন নবাববাড়ি ঘাটে বিকালে সুরেশ্বর-১ নামের লঞ্চটিতে আগুন দেয়া হয়। মালিক সমিতির দাবি, আতঙ্ক ছড়ানোর জন্য ধর্মঘটী শ্রমিকরাই এতে আগুন দিযেছে।
অগ্নিনির্বাপন বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোয়া ৪টার দিকে লঞ্চে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লঞ্চ মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সিদ্দিক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ধর্মঘটের ডাক দিয়েছে তারাই আতঙ্ক সৃষ্টির জন্য সুরেশ্বর-১ নামের লঞ্চের কেবিনে আগুন দেয়।”
আগুনে লঞ্চের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
সিদ্দিক ভূইয়া জানান, লঞ্চটির মালিকের নাম মো. মন্টু। লঞ্চটি চার নম্বর ঘাটে নোঙর করা ছিল। শুক্রবার এর শরীয়তপুর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত থেকে ধর্মঘট চলছে। এতে সারাদেশে নৌ্ যোগাযোগ ব্যাহত হচ্ছে।
