‘দুঃখ প্রকাশ করেছে ভারত’
সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় ভারত ‘আনুষ্ঠানিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। এর প্রেক্ষিতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।”
দুই দেশের সীমানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় সরকার উদ্বিগ্ন বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে নিরস্ত্র নাগরিকদের ওপর বিএসএফের নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছে। দোষী বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে, ২০১২ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আর নতুন বছরের প্রথম দুই দিনে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে নিহত হয়েছেন আরো চারজন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড দুঃখজনক এবং মর্মান্তিক। গত মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছিলাম যে কেবল মাত্র আত্মরক্ষা ছাড়া সীমান্তে কোনো গুলি চালানো হবে না। এরপরেও যে দুটি ঘটনা ঘটেছে তার পূর্ণ তদন্ত হচ্ছে।”
দুই পক্ষের তদন্তের পর এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কার্যালয়ে ভারতের হাই কমিশনার পঙ্কজ সরনের সঙ্গে বৈঠক করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে কোনো পর্যায়ের আলোচনাতেই সীমান্তে বিএসএফের গুলির বিষয়টি একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। ডিসেম্বরে ভারত সফরে গিয়ে মহীউদ্দীন খান আলমগীরও এ বিষয়ে সুশীল কুমার সিন্ধের সঙ্গে আলোচনা করেন।
এরপর ২ জানুয়ারি ঢাকায় এক অনুষ্ঠানে মহীউদ্দীন খান জানান, ‘আত্মরক্ষার প্রয়োজনে’ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের গুলি ছোড়ার অনুমতি দেয়ার বিষয়ে নয়া দিল্লির সঙ্গে একমত হয়েছেন তারা।
তিনি বলেন, “কোনো পক্ষই গুলি চালাবে না, যদি না আত্মরক্ষার প্রয়োজন হয়।”
এক প্রশ্নের জবাবে সে সময় তিনি বলেছিলেন, “তদন্ত করে যদি দেখা যায়, সীমান্তরক্ষীরা আত্মরক্ষার জন্য গুলি করতে বাধ্য হয়েছে, তা হলে বিষয়টি বিবেচনা করা হবে।
“আর যদি দেখা যায় আত্মরক্ষা নয়, ভিন্নতর কোনো কারণে কিংবা অসাবধানবশত বা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তাহলে আমরা যে পদ্ধতিতে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক রক্ষা করে চলেছি, সেই পদ্ধতিতেই এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য তাদের নজরে আনব এবং আমাদের তরফ থেকেও ব্যবস্থা নেব।”
