২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 04:34 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বরাবরের মতো এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিনি প্রথমে সরকার প্রধান হিসাবে এবং পরে আওয়ামী লীগ সভনেত্রী হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭২ সালের এ দিন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী।

যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান সরকার বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি মুক্তি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে। মুক্তির পর পাকিস্তান থেকে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছান তিনি।

লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তখনকার রেসকোর্স ময়দানে নিয়ে যায়। সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন বঙ্গবন্ধু।

সেই থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে আসছে।

পুরনো খবর:

বঙ্গবন্ধুর দেশে ফেরার দিন