জাতীয়করণের ঘোষণায় শিক্ষকদের পরিবারে আনন্দ
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণায় যশোরে ভাগ্য বদলে যাচ্ছে দুই হাজার প্রাথমিক শিক্ষকের।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোষণা অনুযায়ী যশোরের ৫৭৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে। এ বিদ্যালয়গুলোতে ২ হাজার ১৩ জন শিক্ষক রয়েছেন।
তাই প্রধানমন্ত্রীর ঘোষণার পর তাদের পরিবারে আনন্দের বন্যা বইছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক লাখেরও বেশি বেসরকারি প্রাথমিক শিক্ষকের চাকরি সরকারিকরণের ঘোষণা দেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও যশোর সদরের দত্তপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণার সঙ্গে সঙ্গে স্কুলে স্কুলে সৃষ্টি হয় উৎসবমূখর পরিবেশ। উৎসবের এই আনন্দে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও যোগ দেন স্থানীয় বিদ্যানুরাগীরা।
