শেরপুরে বন্য হাতির আক্রমণে আহত ৩
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে এ দুই উপজেলার সীমান্তবর্তী নওকুচি বানাইপাড়া গ্রামের কোচপল্লীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কোচপল্লীর রমেন্দ্র কোচ (৪০), মালতি কোচ (৭০) ও পূজা কোচ (৮)। তাদের আহতদের ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রমেন্দ্র কোচ বলেন, হাতি তাদের দুইটি মাটির ঘর ভেঙ্গে তছনছ করেছে। এছাড়া গোলায় থাকা ১০ মণ ধান ও ৪০ কেজি চাল খেয়ে ফেলেছে।
এদিকে নালিতাবাড়ীর বারোমারী আদিবাসী পল্লীতে বন্যহাতির হানা দিয়ে ঘর-বাড়ি তছনছসহ গোলার ধান, বীজতলা খেয়ে ফেলেছে।
নালিতাবাড়ির জুরেন সাংমা বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একদল বন্যহাতি তার বাড়িতে আক্রমণ করে বসতঘরসহ তিনটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় গোলার ধান ও ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। পরে বন্যহাতির দল আরো কয়েকটি বাড়িতে হানা দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদ আলী বলেন, বন্যহাতির আক্রমণে সাতটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
