বরিশালে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা
বরিশালে মঙ্গলবার ব্যবসায়ীকে অপহরণ করে পালানোর সময় পুলিশের ধাওয়ায় তাকে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
এক পর্যায়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত মাইক্রোবাস ফেলে পালায়। পরে মাইক্রোবাস থেকে হাতকড়া, লাঠি ও শেকল উদ্ধার করে পুলিশ।
তবে ব্যবসায়ী মো. বাদশাহ’র সঙ্গে থাকা দুই লাখ টাকা অপহরণকারীরা নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
ব্যবসায়ী মো. বাদশাহ বরিশাল সদর উপজেলার কড়াপুর স্টিল ব্রিজ এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদশাহ মোটরসাইকেলে নগরীর খান সড়কের প্রবেশমুখে পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তার পথরোধ করে। মাইক্রোবাসে থাকা ৭/৮ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে নিয়ে পালিয়ে যায়।
বরিশাল-ঢাকা মহাসড়কে কর্তব্যরত সার্জেন্ট মো. শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীকে মাইক্রোবাসে বেধড়ক মারধর করে ছিনতাইকারীরা। এই সময় তিনি পা ছুঁড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে ফেলেন। তার চিৎকার শুনে কয়েকজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পুলিশকে খবর দেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মাইক্রোবাস থামার নির্দেশ দিলে বিমান বন্দরের কাছে সাকুরা পরিবহনের একটি বাসের সামনে ব্যবসায়ীকে হাতকড়া পরিহিত অবস্থায় ফেলে দেয় ছিনতাইকারীরা। তবে বাসের চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করায় বেঁচে যান ওই ব্যবসায়ী।
পরে দুবৃর্ত্তরা মাইক্রোবাস নিয়ে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় ঢুকে পড়ে। সেখানে জমিদার বাড়ির সামনে মাইক্রোবাস (ঢাকা মেট্ট্রো, গ- ১৪-৫৮২৮) ফেলে টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানান ওই সার্জেন্ট।
বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।
